কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় হাফেজিয়া মাদরাসার দুই আবাসিক শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষকের নাম হাফেজ কবির (৩৫)। তিনি উপজেলার কাশিনগর বাজারস্থ কাশিনগর মারকাজুল উলুম হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদরাসার হেফজ বিভাগের দুই আবাসিক শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন শিক্ষক হাফেজ কবির। লোকলজ্জা ও প্রাণনাশের ভয়ে শিশুরা এতদিন বিষয়টি গোপন রাখে। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেলে তারা পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।
বিষয়টি জানাজানি হলে ক্ষুদ্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা রোববার বিকালে মাদরাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি বিশেষ দল রাতে মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।’
কেকে/এআই