বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে চন্দ্রা এলাকায় ডিভাইন ও ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ ছাড়া সকালে মৌচাক এলাকায়ও শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
এদিকে শ্রমিক অসন্তোষ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলায় বিজিবি মোতায়েন ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে আশুলিয়ার বিভিন্ন এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। নিরাপত্তার কারণে বেশিরভাগ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের পোশাকশ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতির কারণে কয়েকটি কারখানায় ছুটিও ঘোষণা করা হয়েছে।
কেকে/সাশ