স্বেচ্ছায় জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে সিকিউর সিটিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মানবতা ফাউন্ডেশনের সভাপতি রনি খান, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক, সংগঠনটির সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারণ সম্পাদক হালিম, জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহদাত সালেহীন এবং রক্তের সন্ধানে সীতাকুণ্ডের অ্যাডমিন রনি চৌধুরী।
এ ছাড়া রক্তের বন্ধনে আবদ্ধ পরিবারের রাজু, রুহিত, দিদারুল আলম, নুরুল করিম ও আরমান; গরিবের বন্ধু ফাউন্ডেশনের আবু তাহের; বাঁশবাড়ীয়া ব্লাড ডোনেট গ্রুপের সোহেল এবং সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মো. আকতার হোসাইন এলিট উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মো. আকতার হোসাইন এলিট বলেন, ‘রক্তদান কেবল রক্ত দেওয়ার বিষয় নয়, বরং একজন মানুষের জীবন বাঁচানোর সুযোগ। একজনের দেওয়া রক্তে কোনো মায়ের মুখে হাসি ফুটতে পারে, বেঁচে যেতে পারে কোনো শিশুর জীবন।’
তিনি আরও বলেন, ‘মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও অন্যের জীবনে আলো ফিরিয়ে দেওয়া সম্ভব।’ এ ধরনের মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কেকে/সাশ