রাজশাহীর বাঘা উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স চার বছর।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেরিলাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো সেরাজুল ইসলামের মেয়ে শিউলি খাতুন এবং তার ভাই আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন।
নিহতদের চাচা আনিসুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন।
এরপর দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/সাশ