ঢাকার কেরানীগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীরকে (৩৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ মামলার প্রধান আসামি কলাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারসহ বাকি আট আসামি পলাতক রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের খাড়াকান্দি বাজার এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তিনি কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযানের সময় অন্য আসামিরা পালিয়ে যান।
মামলার তদন্ত প্রতিবেদন ও আদালতের নথি সূত্রে জানা যায়, তারানগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম এ মামলা করেন। মামলায় আওয়াল শিকদারকে প্রধান আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, খাড়াকান্দি এলাকায় বাদীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা এবং সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জমির মালিকানা দাবি করে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো, মারধর এবং জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ থেকে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে আসামিদের কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন আওয়াল শিকদার, জাহাঙ্গীর, নাসির উদ্দিন, মহিউদ্দিন মিলন, হৃদয়, দিপু, সজিব, হৃদয় শিকদার ও আমিনুর। তাঁদের সবার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসআরবি-১০ কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, এসআরবি-১০-এর সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হবে।
কেকে/সাশ