সিরাজগঞ্জে ৫৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) এবং একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে যশোর-৩-১১-১২৩৩ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক রাসেল মিয়া ও হেলপার আনোয়ার হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় এএসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
কেকে/সাশ