চট্টগ্রামের লোহাগাড়ায় ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ও সরঞ্জাম চুরির অভিযোগে রিদুয়ানুল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চুরির অভিযোগ থেকে বাঁচতে অপহরণের ঘটনা সাজিয়ে আত্মগোপনে ছিলেন তিনি—এমনটাই জানিয়েছে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকার আওয়াল পাড়া থেকে ভুক্তভোগীর সহযোগিতায় তাকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ। পরে তার বসতঘর থেকে চুরি হওয়া ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে জানান, চুরির ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। এর পরপরই অভিযুক্তের স্ত্রী পাল্টা অপহরণের অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা রিদুয়ানকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় বাবলু পালের মালিকানাধীন একটি ফটোগ্রাফির দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে প্রায় ৮ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের ক্যামেরা ও বিভিন্ন সরঞ্জাম চুরি হয় বলে অভিযোগ করেন দোকানমালিক।
এ ঘটনায় দায়ের করা মামলায় আটক রিদুয়ানুল হককে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কেকে/সাশ