গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটছে। আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি তুলতে গিয়ে গত কয়েক দিনে অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া ছবি ধারণ করতে গিয়ে সাধারণ মানুষের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সময় টিভির গাজীপুর প্রতিনিধি ও ক্যামেরা পারসন, এখন টিভির প্রতিনিধি, কালিয়াকৈরে কালের কণ্ঠের প্রতিনিধি, দীপ্ত টিভির প্রতিনিধি এবং এশিয়া পোস্টের প্রতিনিধি।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে একটি তৃতীয় পক্ষ বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বলে তাদের ধারণা। এসব ঘটনার ছবি বা ভিডিও ধারণ করা হলে হামলাকারীদের পরিচয় প্রকাশ পেতে পারে—এমন আশঙ্কা থেকেই সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে বলে মনে করছেন তারা।
সর্বশেষ মঙ্গলবার গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুরোনো কাগজে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীদের একটি অংশের কয়েকজন যুবক। এ সময় তাদের ‘কেউ ছবি তুলবেন না’ বলে চিৎকার করতে শোনা যায়।
ঘটনাস্থলে সাংবাদিকেরা উপস্থিত থাকলেও হামলার আশঙ্কায় কেউ ছবি তুলতে পারেননি। কয়েকজন উৎসুক মানুষ মুঠোফোনে ঘটনার ছবি ধারণের চেষ্টা করলে তাদের ফোন কেড়ে নেওয়া হয়। কারও কারও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
সাংবাদিকদের ওপর এমন হামলা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কেকে/সাশ