ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তিনি আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর হোসেন। হাঁটা শেষে ফাঁড়িতে ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পর ফাঁড়ির ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে তার কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পাশে তার ব্যবহৃত পিস্তলটিও পড়ে ছিল।
নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকার মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিজের পিস্তলের গুলিতে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর ঘটনার বিস্তারিত জানা যাবে।
কেকে/সাশ