চার দিনের সরকারি সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ সফরে তিনি সরকারি বিভিন্ন সভা, রাজনৈতিক কর্মসূচি, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের প্রথম দিন বৃহস্পতিবার বেলা ১১টায় বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন মন্ত্রী। সোয়া ১১টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভায় অংশ নেবেন। বিকাল ৩টায় নাটোর জেলায় একই ধরনের সভায় যোগ দেবেন তিনি। এসব সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অধীনে বর্ধিত সভায় অংশ নেবেন মন্ত্রী।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত সিপাহী-জনতা জাতীয় বিপ্লব দিবসের আলোচনা সভায় যোগ দেবেন। বিকেল ৪টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজনে একই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেবেন তিনি।
সফরের শেষ দিন রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ-কড্ডা-সমেশপুর জেলা মহাসড়কে ৭৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩টায় শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে ডি.সি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং রাত ৮টায় দিবানিশি কালীপূজা উপলক্ষে আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে অংশ নেবেন।
রাত ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশে সিরাজগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।
কেকে/ এমএস