সৌদি আরবগামী ও সৌদি আরব থেকে আসা ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজও তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৭৭ জন যাত্রী।
বুধবার (৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, বুধবার বাতিল হওয়া তিনটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি এবং রিয়াদ এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
বেবিচকের তথ্য বলছে, এখন পর্যন্ত বাতিল হওয়া ১৭৪টি ফ্লাইটের মধ্যে ৯৭টি সরাসরি (ডিরেক্ট) এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিলের ফলে মোট ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবগামী প্রবাসী কর্মী, ছুটিতে দেশে আসা প্রবাসী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককে অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
ফ্লাইট বাতিলের ধারাবাহিকতায় যাত্রীদের উদ্বেগও বাড়ছে। বিশেষ করে বিদেশগামী কর্মীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান এবং দেশে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসীদের ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে।
কেকে/ এমএস