খাবার তৈরির স্থানে তেলাপোকার উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার প্রস্তুতের দায়ে মানিকগঞ্জে তিনটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটিকে তিন কার্যদিবস খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে আল আমিন সুইটস অ্যান্ড হোটেল, পলাশ মিষ্টান্ন ভান্ডার ও মিষ্টি মুখ হোটেলের খাবার প্রস্তুতের স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর খাবার তৈরির স্থান ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় আল আমিন সুইটস অ্যান্ড হোটেলকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মিষ্টি মুখ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খাবার তৈরির স্থানে তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিন কার্যদিবস খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার রৌশন আরা বেগম ও ব্যাটালিয়ন সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
কেকে/ এমএস