ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিজয়ী মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা। সদ্য সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহসভাপতি মোতাহার হোসেন নিলয়ের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে মিছিলটি বের হয়। পরে আসাদ এভিনিউ প্রদক্ষিণ করে মোহাম্মদপুর থানার সামনে দিয়ে ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর হোসেনকে দায়িত্ব দেওয়ায় তারা সন্তুষ্ট। অতীতের রাজনৈতিক প্রতিকূল সময়ে নেতাকর্মীদের পাশে থাকার অভিজ্ঞতা বিবেচনায় নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোতাহার হোসেন নিলয় বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তার অভিযোগ, এসব আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “বাংলাদেশ ছাত্রদল রাজপথে ছিল, রাজপথে আছে এবং থাকবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। কোনো অপশক্তির কাছে আমরা মাথানত করব না।”
উল্লেখ্য, গত ১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করে বিএনপি। এতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়। অনুমোদিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
কেকে/ এমএস