বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      
জাতীয়
হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:০৯ এএম আপডেট: ০৫.১১.২০২৬ ৯:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই চ্যানেলের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, জিজ্ঞাসাবাদে রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ওই সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ডিবিসি নিউজের কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই সঙ্গে আরও একজনকে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এরপরও তিনি মাঝেমধ্যে চ্যানেলটির কার্যালয়ে যাতায়াত করতেন।

বুধবার দুপুরে কার্যালয়ে গিয়ে নিজেকে ডিবিসি নিউজের চেয়ারম্যান দাবি করেন তিনি। পরে বেলা ৩টার দিকে কার্যালয় থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন। একই সময়ে চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে, বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরী আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  জুলাই হত্যা মামলা   ইকবাল সোবহান   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close