গাছের ডালপালা ছাঁটাই ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাটোর
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময় কম-বেশি হতে পারে।
রাজশাহী
রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন জিঞ্জিরা উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় মনু ব্যাপারীর ঢাল, জনি টাওয়ার, ছাটগাঁও, বন্ধ ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, বরিশুর বাজার, কুশিয়ারবাগ, হীরা কমিউনিটি সেন্টারের গলি, কদমতলী ডাচ্-বাংলা ব্যাংক এলাকা, খালপাড় চড়াইল, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
কেকে/সাশ