যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এসব সুবিধা নিতে পারবেন। অংশীদার হিসেবে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মাধ্যমে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে সংস্থাটি।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে ভ্রমণের বাইরেও যাত্রীদের জন্য বাড়তি সুবিধা যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ভ্রমণ শেষ হওয়ার পরও যাত্রীরা যেন বিশেষ কিছু সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।
নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করে আসছে। এর আগে প্রতিষ্ঠানটি দেশের প্রথম ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে। সম্প্রতি চালু হওয়া ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’-এর মাধ্যমে যাত্রীরা অংশীদার ব্র্যান্ডগুলোর কাছ থেকে আরও বিস্তৃত সুবিধা উপভোগের সুযোগ পাবেন।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com ভিজিট করা যাবে অথবা ১৩৬০৩ নম্বরে কল করা যাবে।
কেকে/এমএস