চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় মুন্সীগঞ্জের ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু) সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের ১৫ নভেম্বর শুরু হওয়া সংস্কারকাজ চলতি বছরের ২১ অক্টোবর শেষ হয়।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) মুন্সীগঞ্জে প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৮তম ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের ইন্টারন্যাশনাল ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার শুয়ে দেউয়েনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা সংস্কারকৃত সেতুর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের সফল বাস্তবায়ন ও দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
তাঁরা বলেন, মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জসহ আশপাশের অঞ্চলের যোগাযোগ, পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেতুটির কাঠামোগত নিরাপত্তা, কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করতেই যৌথ সহযোগিতায় সংস্কারকাজ বাস্তবায়ন করা হয়েছে। এ উদ্যোগ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও একটি উল্লেখযোগ্য উদাহরণ।
বক্তারা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর এবং দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, উচ্চপর্যায়ের এ যোগাযোগ দুই দেশের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নেবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেতু ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নেও চীনের সহযোগিতা ভবিষ্যতে বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ২০২৪ সালের ১০ জুলাই স্বাক্ষরিত সমঝোতাপত্রের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়। চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৮তম ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করে।
সংস্কার প্রকল্পের আওতায় সেতুর বিয়ারিং প্রতিস্থাপন, বিমের নিচের অংশের শক্তিবৃদ্ধি, কাঠামোগত সংস্কার, ফুটপাতের স্টিল প্লেট ও স্ল্যাব মেরামত এবং প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা হয়েছে। এ ছাড়া স্টিলের রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্ম, ভার্টিক্যাল ল্যাডার, উন্নত রেলিং, রিফ্লেক্টিভ রোড স্টাড ও নতুন রোড মার্কিং স্থাপন করা হয়েছে।
পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, পর্যবেক্ষণ পয়েন্ট নির্মাণ, ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় সিসমিক লকিং ডিভাইস স্থাপন এবং প্রয়োজনীয় নির্দেশনামূলক ও গতিসীমা-সংক্রান্ত সাইনবোর্ড বসানোর কাজও সম্পন্ন হয়েছে।
সংস্কারকাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদের অংশগ্রহণে যৌথ কারিগরি পরিদর্শন করা হয়। প্রকল্পের নকশা, রক্ষণাবেক্ষণ নির্দেশিকা ও হস্তান্তরসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য দুই বছর মেয়াদি গুণগত নিশ্চয়তা বা কোয়ালিটি ওয়ারেন্টি পিরিয়ড নির্ধারণ করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রকল্পের এক্সটার্নাল টেকনিক্যাল অ্যাকসেপ্ট্যান্স সার্টিফিকেট হস্তান্তর করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য চীন সরকার, দেশটির দূতাবাস, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, পরামর্শক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মোহাম্মদ আবদুর রউফ।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতার ধারাবাহিকতায় শিগগিরই দ্বিতীয় মুক্তারপুর সেতু বা ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
কেকে/সাশ