তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, তুরস্কের প্রেসিডেন্টের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। তবে সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো সামরিক সহযোগিতার আওতাভুক্ত। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে।
তুরস্কের কোম্পানির সঙ্গে বিমান চলাচল ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, সংশ্লিষ্ট যোগাযোগটি কোনো দ্বিপক্ষীয় সফরের অংশ ছিল না। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। সেখানে সাধারণ বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, উন্নত দেশগুলো আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা এবং ক্ষতিপূরণের বিষয়টি বাংলাদেশ জোরালোভাবে তুলে ধরেছে।
উল্লেখ্য, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
কেকে/সাশ
কেকে/সাশ