একটি সেতু দুই তীরকে যুক্ত করে, একটি বিদ্যুৎকেন্দ্র আলোকিত করে জনপদ, আর একটি শিল্পপ্রতিষ্ঠান সৃষ্টি করে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা। এসব উন্নয়নের নেপথ্যে থাকে প্রকৌশলীদের মেধা, শ্রম, উদ্ভাবন ও পেশাগত দক্ষতা। একটি দেশের অগ্রযাত্রায় প্রকৌশলীরা শুধু অবকাঠামো নির্মাণ করেন না, নির্মাণ করেন আগামীর সম্ভাবনাও। তাই প্রকৌশল পেশার মর্যাদা, অধিকার ও বিকাশ নিশ্চিত করা মানেই জাতীয় উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করা।
এই প্রেক্ষাপটে দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচন ২০২৬ নিছক নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়; এটি দেশের প্রকৌশলী সমাজের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ। আগামী ১২ নভেম্বরের নির্বাচনে প্রতিটি প্রকৌশলীর সচেতন অংশগ্রহণ তাই সময়ের দাবি।
প্রকৌশলীদের দীর্ঘদিনের প্রত্যাশা—পেশাগত স্বীকৃতি, কর্মক্ষেত্রে ন্যায্যতা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা। ইয়েলো প্যানেলের নির্বাচনী ইশতেহারে এসব প্রত্যাশার প্রতিফলন ঘটেছে পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারে।
প্রথমত, পেশার আইনগত স্বীকৃতি ও সুরক্ষা। প্রকৌশলী প্র্যাকটিশনার্স আইন এবং প্রকৌশলী কাউন্সিল আইন প্রণয়নের উদ্যোগের মাধ্যমে পেশাগত নিবন্ধন, সনদায়ন, নৈতিক মানদণ্ড ও জননিরাপত্তায় প্রকৌশলীদের দায়িত্ব সুসংহত করার প্রত্যাশা রয়েছে। পাশাপাশি ন্যায্য বেতন কাঠামো, কর্মসংস্থান, ইন্টার্নশিপ এবং তরুণ প্রকৌশলীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে অধিকার ও মর্যাদা। সরকারি প্রকৌশলীদের পদোন্নতি, পদায়ন ও পেশাগত সুযোগে ন্যায্যতা নিশ্চিত করা এবং প্রকৌশল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ্য প্রকৌশলীদের নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও আইনগত সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন। আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা সনদায়ন, ভাষাশিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি, স্বয়ংক্রিয় প্রযুক্তি, পরিবেশ সুরক্ষা ও শিল্পনিরাপত্তার মতো সম্ভাবনাময় ক্ষেত্রে প্রকৌশলীদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
চতুর্থত, জাতীয় উন্নয়নে আইইবির কার্যকর ভূমিকা। গবেষণা, উদ্ভাবন ও কারিগরি পরামর্শের কেন্দ্র হিসেবে আইইবিকে গড়ে তোলা এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বৃহৎ অবকাঠামো প্রকল্পে প্রকৌশলীদের বিশেষজ্ঞ মতামত নিশ্চিত করা জরুরি। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও প্রযুক্তি বিনিময়ও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
পঞ্চমত, প্রকৌশলী ও পরিবারের কল্যাণ। আবাসন, আধুনিক হাসপাতাল, বহুমুখী ভবন, প্রশিক্ষণ, মিলনায়তন ও বিনোদন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি প্রবীণ প্রকৌশলীদের কল্যাণ এবং সদস্যদের পারিবারিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
তবে একটি ইশতেহারের সার্থকতা প্রতিশ্রুতির সংখ্যায় নয়; বরং তা বাস্তবায়নের সক্ষমতা, নেতৃত্বের দূরদর্শিতা, স্বচ্ছতা ও জবাবদিহির ওপর নির্ভরশীল। ইয়েলো প্যানেলের সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী খান মনজুর মোর্শেদ এবং সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউমের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও আইইবির সাংগঠনিক সম্পৃক্ততা এ ক্ষেত্রে বিবেচনার দাবি রাখে। প্যানেলের অন্যান্য সদস্যদেরও রয়েছে সুদীর্ঘ পেশাগত ও সাংগঠনিক অভিজ্ঞতা, যা সম্মিলিত নেতৃত্বের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে পারে। নেতৃত্বের সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিই এ উদ্যোগের সফলতার মূল ভিত্তি।
বিশেষ গুরুত্ব পাওয়া উচিত তরুণ প্রকৌশলীদের ভবিষ্যৎ। একজন নবীন প্রকৌশলী যেন আইইবি থেকে প্রশিক্ষণ, অভিজ্ঞদের পরামর্শ, চাকরি ও ইন্টার্নশিপের তথ্য, দক্ষতার স্বীকৃতি এবং দেশ-বিদেশে পেশাগত যোগাযোগের সুযোগ পান। আইইবি যেন কেবল সদস্যপদের পরিচয় নয়, বরং তাঁদের কর্মজীবনের অগ্রযাত্রায় কার্যকর সহযাত্রী হয়ে ওঠে।
এই প্রত্যাশা পূরণে প্রয়োজন বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ পেশাজীবী সমাজ। অভিজ্ঞ ও নবীন, সরকারি ও বেসরকারি, দেশীয় ও প্রবাসী—সব প্রকৌশলীর সম্মিলিত অংশগ্রহণেই আইইবি হয়ে উঠতে পারে আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান। মতের ভিন্নতা থাকুক, কিন্তু পেশার বৃহত্তর স্বার্থে আমাদের অবস্থান হোক অভিন্ন।
১২ নভেম্বরের নির্বাচন তাই শুধু প্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; এটি আমাদের পেশার অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দিন। প্রার্থীদের অভিজ্ঞতা, সততা, অঙ্গীকার ও বাস্তবায়ন সক্ষমতা বিবেচনা করে প্রত্যেক প্রকৌশলীর সচেতন অংশগ্রহণই পারে কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ তৈরি করতে।
প্রযুক্তি দিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
আইইবি পরিবর্তনের ডাক—শুরু হোক আপনার পদচারণায়। কারণ আগামীর আইইবি গড়ার দায়িত্ব অন্য কারও নয়, আমাদের সবার।
লেখক: প্রকৌশলী
প্রার্থী—কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, ঢাকা কেন্দ্র
ব্যালট নম্বর: ৬৯ | এফ/৯৬২৪, আইইবি।
কেকে/সাশ