দেশের আকাশ পরিবহন খাতে অবদান ও অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার প্রদান করেছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবার বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা। এসব পুরস্কার প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণ করেন কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, যাত্রীদের আস্থার প্রতিফলন হিসেবেই এ ধরনের স্বীকৃতিকে দেখছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও সেবার মান ও কার্যক্রমের ধারাবাহিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে দ্য বাংলাদেশ মনিটরের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
কেকে/সাশ