শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
কেকে/সাশ