শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যার দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট নবায়নের আবেদন করার সুযোগ নেই। তার মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে এবং রায়ও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
শেখ হাসিনার পক্ষে কোনো লবিস্ট অর্থের বিনিময়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন কবির।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি চিঠির বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি এ উদ্যোগ নিয়েছেন।
কেকে/সাশ