বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। আইন তার নিজের গতিতে চলবে। তবে প্রতিদিন ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে তার ফেরার দিবাস্বপ্ন সফল হবে না।’
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রিজভী আরও বলেন, ‘অহংকারী লুটেরাদের পতনের চেতনা ৭ নভেম্বর। গণহত্যার পরও পলাতক হাসিনার কোনও অনুশোচনা নেই, এখনও তিনি অনুতপ্ত নন। অথচ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারির ভুলের পর বিভিন্ন সভায় ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার শাসনামলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য অনুতপ্ত হননি।’
‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন বলা হতো, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশে ধরণা দিচ্ছেন? তার ক্ষেত্রেও আদালত নিজস্ব গতিতে চলবে, আইনও তার গতিতে চলবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা আবারও বিদেশের বিভিন্ন রাজনীতিকের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে। যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। অথচ, খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়। তখন আমরা প্রতিবাদ করলে আইনমন্ত্রী ও ওবায়দুল কাদের বলতেন, আদালত তার নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে সেই আইন ও আদালত কেন নিজস্ব গতিতে চলবে না?’
‘তারেক রহমানের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের পার্থক্য স্পষ্ট। একটি বক্তব্যে দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার প্রকাশ রয়েছে, অন্যটিতে আত্মসমর্পণ ও ক্রীতদাসসুলভ মানসিকতার প্রতিফলন ঘটেছে।’
জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল লতিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, মহাসচিব মো. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।
কেকে/এমএ