রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
সোমবার (৯ নভেম্বর) ভোররাতে আদাবর থানাধীন শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)।
এসআরবি-২-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে। এসআরবি-২-এর দাবি, গ্রেপ্তার মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তিনি একাধিক নাশকতার মামলার আসামি। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ তারা সেখানে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।
কেকে/ এমএস