সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন ব্লগার আসাদ নূরকে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইউটিউব লাইভে এসে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন আসাদ নূর।
এতদিন পূর্ণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা চলছিল। তবে স্বামীর পরিচয় নিয়ে রহস্যের অবসান ঘটিয়ে লাইভে আসাদ নূর জানান, পূর্ণীর সঙ্গে তার বিয়ে হয়েছে।
বিয়ের প্রমাণ হিসেবে লাইভে নিজের বিয়ের পাঞ্জাবি এবং পূর্ণীর বিয়ের শাড়িও দেখান তিনি।
আসাদ নূর জানান, বিয়ের বিষয়টি ঘিরে রহস্য তৈরি করা ছিল তাদের দুজনের পরিকল্পনার অংশ। বিভিন্ন ছবিতে পোশাকের মিলসহ কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে রেখেছিলেন তারা। এর মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝার পাশাপাশি সম্পর্ক ও বিয়ে নিয়ে সমাজের প্রচলিত ট্যাবু বা সংস্কারকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন তারা।
এর মধ্য দিয়ে কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল। তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা কবে ও কোথায় সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আসাদ নূর।
কেকে/সাশ