বাংলাদেশ ক্যারম ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির শীর্ষ পদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতকে রাখা এবং তার ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. আল মামুনসহ ঘনিষ্ঠজনদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার ঘটনায় স্বজনপ্রীতি ও ক্ষমতার প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, ফেডারেশনের নেতৃত্বে অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও ক্যারমসংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার না দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের পছন্দের লোকজনকে জায়গা দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গঠিত এই কমিটিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতকে সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তার এপিএস মো. আল মামুনকে ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিমন্ত্রীর নিজ এলাকার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মহিউদ্দিন মুহসিনকে সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ক্রীড়া সংগঠকদের একাংশের দাবি, কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের ক্যারম খেলোয়াড় কিংবা ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখযোগ্য পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে একটি জাতীয় ক্রীড়া ফেডারেশনের দায়িত্ব বণ্টনে যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাদারত্বের পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের অভিযোগ, অ্যাডহক কমিটি গঠনের আগে দেশের অভিজ্ঞ ক্যারম খেলোয়াড়, সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংগঠকদের সঙ্গে কার্যকর কোনো পরামর্শ করা হয়নি। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল। তাদের দাবি, জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা ও ক্রীড়া প্রশাসনের প্রচলিত রীতিনীতির পরিবর্তে পছন্দের ব্যক্তিদের পদায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ক্যারমের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, একটি জাতীয় ফেডারেশনের অ্যাডহক কমিটির মূল দায়িত্ব হলো সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নিয়মিত কার্যক্রম চালু করা এবং দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। তবে ক্যারম ফেডারেশনের ক্ষেত্রে সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের বিধান অনুসারে অ্যাডহক কমিটিকে সাধারণত দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়। তবে ক্যারম ফেডারেশনের নির্বাচন আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না থাকায় অসন্তোষ বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে অ্যাডহক কমিটির কার্যক্রম ও ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকেরা।
তাদের অভিযোগ, নির্বাচন আয়োজনের উদ্যোগ না নিয়ে বর্তমান কমিটির কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রবণতা ফেডারেশনের গণতান্ত্রিক ও সাংগঠনিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এতে প্রকৃত ক্রীড়া সংগঠকদের নেতৃত্বে আসার সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি ক্যারমের উন্নয়ন কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বিভিন্ন ক্রীড়া সংগঠন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া বিশ্লেষকদের একাংশ কমিটি গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোকে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবমুক্ত রাখা জরুরি। এসব প্রতিষ্ঠানে অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিদের নেতৃত্বে আনা প্রয়োজন। গুরুত্বপূর্ণ পদে প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়, ঘনিষ্ঠজন কিংবা ব্যক্তিগত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলে ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নবিদ্ধ হয়।
তাদের আরও আশঙ্কা, এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকলে তৃণমূল পর্যায়ে ক্যারমের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। নতুন খেলোয়াড় তৈরি, নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ক্ষেত্রে পেশাদার নেতৃত্বের অভাব দেখা দিতে পারে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, একটি ফেডারেশনের নেতৃত্ব নির্ধারণে ব্যক্তিগত পরিচয় বা রাজনৈতিক প্রভাব নয়; বরং সংশ্লিষ্ট খেলায় অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সততা ও ক্রীড়ার উন্নয়নে অবদান বিবেচনা করা উচিত। তাদের ভাষ্য, অ্যাডহক কমিটি কোনো ব্যক্তির পছন্দের লোকজনকে পুনর্বাসনের জায়গা হওয়া উচিত নয়।
এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা, সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিধিবিধান অনুসারে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের হাতে ফেডারেশনের দায়িত্ব তুলে দেওয়া হলে বর্তমান বিতর্ক নিরসনে সহায়ক হতে পারে।
কেকে/এমএস