শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
সাহিত্য
আগুনের রাজনীতি আর কত দিন
আজহার মাহমুদ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

আগুনের রাজনীতি, হত্যার রাজনীতি কিংবা ভয় দেখিয়ে জনজীবন বিপর্যস্ত করার রাজনীতি, কোনোটিই বাংলাদেশের মানুষের প্রত্যাশা নয়। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পরও সেই পুরোনো সহিংসতার ছায়া যেন পিছু ছাড়ছে না। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনায় হামলার ঘটনা নতুন করে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। যে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল, যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে জীবন দিয়েছিল অসংখ্য মানুষ, সেই সহিংসতারই পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হওয়া কোনোভাবেই স্বস্তিদায়ক নয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, দমন-পীড়ন, অধিকারহীনতা ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের মধ্য দিয়ে পরিণতি পায়। কিন্তু একটি সরকারের পতন মানেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নয়। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সহিংসতার পুরোনো সংস্কৃতি থেকেও বেরিয়ে আসতে হবে। অথচ সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে পরিচালিত বিভিন্ন নাশকতার অভিযোগ সেই প্রয়োজনীয়তাকেই আবার সামনে এনেছে।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের ১৮টি গাড়িতে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে এসব নাশকতার ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে প্রতিটি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। 

এই পরিসংখ্যানের প্রতিটি সংখ্যা আলাদা আলাদা উদ্বেগের বার্তা দেয়। ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার অর্থ শুধু কিছু যানবাহন পুড়িয়ে দেওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবহনমালিক, চালক, শ্রমিক ও সাধারণ যাত্রীর জীবন-জীবিকা। একটি বাস পুড়ে গেলে ক্ষতিগ্রস্ত হন সেই বাসের মালিক, চালক, সহকারী এবং তাঁদের পরিবারের সদস্যরা। আগুনের ঘটনায় কেউ আহত বা নিহত হলে সেই ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। একইভাবে ককটেল বিস্ফোরণ শুধু আতঙ্ক ছড়ায় না, নিরীহ মানুষের প্রাণহানির ঝুঁকিও তৈরি করে। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কোনো দল বা সংগঠনের থাকতে পারে না।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব নাশকতার লক্ষ্য শুধু গণপরিবহনেই সীমাবদ্ধ থাকছে না; পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার জন্য সরাসরি চ্যালেঞ্জ। একই সঙ্গে সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশের পক্ষ থেকে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রæত সাড়া দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু শুধু ঘটনার পর অভিযান চালিয়ে পরিস্থিতি সামাল দিলে হবে না; নাশকতার পরিকল্পনা, সংগঠক, অর্থায়ন এবং মাঠপর্যায়ের নেটওয়ার্ক শনাক্ত করাও জরুরি।

এখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন ওঠে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মসূচি পালনের অধিকার থাকলেও তা অবশ্যই আইন ও জননিরাপত্তার সীমার মধ্যে হতে হবে। কিন্তু কোনো কর্মসূচিকে কেন্দ্র করে যদি ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে, তাহলে সেটিকে সাধারণ রাজনৈতিক প্রতিবাদের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। রাজনৈতিক দাবি আদায়ের পথ হতে পারে আলোচনা, সংলাপ, জনমত তৈরি কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু মানুষের সম্পদ ধ্বংস করে, যানবাহনে আগুন দিয়ে কিংবা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়ে রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা শেষ পর্যন্ত জনগণেরই ক্ষতি করে।

এই পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নতুন করে গুরুত্ব পাচ্ছে। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র ও সহিংসতা মোকাবিলায় সংসদের ভেতরে ও বাইরে গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোকে ২০২৪ সালের মতো এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যের পরদিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকেও দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে একসঙ্গে কাজ করার এই উদ্যোগ বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ।

শুধু সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের আলোচনাতেই বিষয়টি সীমাবদ্ধ নেই। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যও জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলও এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ১৯ নভেম্বর ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়। জোটের নেতারা জনগণের সঙ্গে থেকে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেন। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতি সেই ঐক্যকে আবারও সামনে নিয়ে এসেছে।

তবে এই ঐক্যের অর্থ কেবল একটি রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক শক্তির অবস্থান নেওয়া হওয়া উচিত নয়। বরং এর ভিত্তি হতে হবে জননিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের নামে অন্য কোনো রাজনৈতিক দল যেন প্রতিপক্ষের ওপর হামলা, প্রতিশোধ কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ না পায়, সেটিও নিশ্চিত করতে হবে। কারণ সহিংসতার জবাবে পাল্টা সহিংসতা কখনো স্থায়ী সমাধান হতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। কারা অর্থায়ন করছে, কারা নির্দেশনা দিচ্ছে, কারা বিস্ফোরক ও দাহ্য পদার্থ সংগ্রহ করছে এবং কারা মাঠপর্যায়ে এসব ঘটনা বাস্তবায়ন করছে, প্রতিটি বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে গ্রেপ্তারের ক্ষেত্রে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া যেমন চলবে না, তেমনি রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অপরাধী বানানোও গ্রহণযোগ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই ভারসাম্য অত্যন্ত জরুরি।

রাজনৈতিক দলগুলোর কাছেও মানুষের প্রত্যাশা স্পষ্ট। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দল ও শক্তিগুলোকে নিজেদের মধ্যকার মতপার্থক্য নিয়ে আলোচনা করতে হবে। রাজনৈতিক কর্মসূচি, ক্ষমতার হিসাব কিংবা নীতিগত বিরোধ থাকতেই পারে। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে ন্যূনতম ঐকমত্য থাকা প্রয়োজন। এই ঐকমত্য কোনো সাময়িক রাজনৈতিক সমঝোতা নয়; বরং ভবিষ্যতের জন্য একটি সহিংসতামুক্ত রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি হওয়া উচিত।

মনে রাখতে হবে, রাজনৈতিক সহিংসতার সবচেয়ে বড় শিকার হন সাধারণ মানুষ। যিনি বাসে করে কর্মস্থলে যাচ্ছেন, যিনি সন্তানকে স্কুলে পৌঁছে দিচ্ছেন, যিনি দিনমজুরি করে সংসার চালান কিংবা যিনি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাদের কারও রাজনৈতিক সংঘাতের দায় বহন করার কথা নয়। দেশের অর্থনীতি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন সচল রাখতে হলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই হবে।

বাংলাদেশের মানুষ বারবার সহিংসতা দেখেছে, আগুনে পুড়তে দেখেছে যানবাহন, প্রাণ হারাতে দেখেছে স্বজনদের। তারা আর সেই পুরোনো দৃশ্যের পুনরাবৃত্তি চায় না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে পরিচালিত নাশকতার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার যেমন জরুরি, তেমনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও প্রয়োজন।

সবশেষে বলা যায়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল একটি নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ। সেই প্রত্যাশা পূরণ করতে হলে আগুন, ককটেল ও আতঙ্কের রাজনীতির অবসান ঘটাতে হবে। সরকার, বিরোধী দল, রাজনৈতিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ—সবারই দায়িত্ব রয়েছে। তবে এই দায়িত্ব পালনের প্রথম শর্ত হলো আইনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতার বিরুদ্ধে আপসহীন অবস্থান। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস হতে পারে না। নাশকতার রাজনীতি প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়া তাই শুধু রাজনৈতিক প্রয়োজন নয়, সময়েরও দাবি।


লেখক: গণমাধ্যমকর্মী


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজনীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close