পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব দল। বিএনপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ভবন উদ্বোধন শেষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিদায় করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় দেশের প্রায় সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন তিনি সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেন। সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের সুযোগ করে দেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচারের সময়ে মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন, অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। অনেক সাংবাদিকের পরিবার ১৭-১৮ বছর কষ্টের মধ্যে দিন কাটিয়েছে। আমি সেই সব সাংবাদিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আপনারা যারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সত্য সংবাদ সাহসিকতার সঙ্গে পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য সাধুবাদ জানাই।”
বিএনপির এই নেত্রী বলেন, “৫ আগস্টের ঘটনাপ্রবাহ এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সংবাদ সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে ইউনিয়ন, উপজেলা ও গ্রাম পর্যায়ে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, সেই সংবাদও আপনারা তুলে ধরেছেন। এজন্য দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।”
সাংবাদিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা আখ্যায়িত করে তিনি বলেন, “আপনারা যেমন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করতে পারেন, তেমনি অনেক ক্ষেত্রে ভুল তথ্যভিত্তিক সংবাদও প্রকাশিত হয়। কখনো কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এসব বিষয়ে বিএনপি সরকার সতর্ক রয়েছে। তাই আমাদের সবাইকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।”
এর আগে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্যাসহ প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
কেকে/এলএ