সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
জাতীয়
সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন, ‘অলৌকিক মিল’
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৩০ পিএম
বক্তব্য দিচ্ছেন মীর শাহে আলম

বক্তব্য দিচ্ছেন মীর শাহে আলম

জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনি এলাকাধীন নতুন গঠিত মোকামতলা উপজেলায় সীমান্ত ও দিগন্ত নামে  দুইটি নতুন ইউনিয়ন পরিষদ গঠনে সমালোচনা হয়েছে। শাহে আলমের দুই ছেলের মধ্যে বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত ও ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। 

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সংসদের বৈঠকে বিরোধীদল জানায়, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে নতুন গঠিত দুই ইউনিয়ন পরিষদের নামকরণ হয়েছে। তবে, প্রতিমন্ত্রী তা অস্বীকার করে দাবি করেন, অলৌকিকভাবে তার ছেলেদের নামের সাথে মিলে গেছে।

মীর শাহে আলম বগুড়া-২ আসনের সাংসদ। এই নির্বাচনি এলাকার শিবগঞ্জ উপজেলা ভেঙে গেল মাসে ৫টি ইউনিয়ন পরিষদ নিয়ে মোকাতলা নামে পৃথক উপজেলা গঠন করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) এই উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ ভেঙে সীমান্ত নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। দেউলী ইউনিয়ন ভেঙে গঠন করা হয়েছে নতুন গঠিত দিগন্ত ইউনিয়ন। ময়দানহাট্টা, শিবগঞ্জ (আংশিক) ও মোকামতলা ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে গঠিত হয় স্বর্ণগ্রাম নামে নতুন আরেকটি ইউনিয়ন। মোকামতলা ইউনিয়নের অবশিষ্ট অংশ নিয়ে গঠিত হচ্ছে পৌরসভা। 

রোববার (১৪ জুন) বগুড়ার জেলা প্রশাসকের সইয়ে এই সংক্রান্ত গেজেট জারি করা হয়। 

গেজেট অনুযায়ী, শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি নামে নতুন আরেকটি ইউনিয়ন গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রীর পৈত্রিক বাড়ির নাম ‘মীরবাড়ী’।

ইউনিয়ন পরিষদ আইন-২০০৯’-এর ১১ (১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক সরকারি গেজেটে প্রজ্ঞাপনে, কয়েকটি গ্রাম বা সংলগ্ন মৌজা বা গ্রামের সমন্বয়ে একটি ওয়ার্ড এবং ৯টি ওয়ার্ডের সমন্বয়ে একটি ইউনিয়ন ঘোষণা করতে পারেন। নতুন গঠিত ইউনিয়নের নাম নির্ধারণ করবেন জেলা প্রশাসক। তবে কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে না। 

আইনে এই বিধান থাকার পরও কীভাবে প্রতিমন্ত্রীর সন্তানদের নামে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে- এই প্রশ্ন সংবাদমাধ্যমে আসার পর সোমবার মাগরিবের নামাজের বিরতির আগে সম্পূরক বাজেট আলোচনায় বিষয়টি সংসদে তোলেন জামায়াতের সাংসদ শফিকুল ইসলাম মাসুদ। 

তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নের নাম উনার মীর বংশের নামে মীরবাড়ি নামে নামকরণ করেছেন। উনার দুই সন্তান দিগন্ত ও সীমান্ত নামে দুইটা ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। প্রধানমন্ত্রী যা চান সেটাই তো মন্ত্রীদের চাওয়ার কথা। বিগত ফ্যাসিস্ট সময়ে নাম সংশোধনী করতে অনেক সময় কেটে গিয়েছিল। এখন একই সংস্কৃতি আমাদের মাঝে ফিরছে।’

বিরতির পর প্রতিমন্ত্রী শাহে আলমকে কৈফিয়ত দেওয়ার সুযোগ দিতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি অনুরোধ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। এ পর্যায়ে প্রতিমন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। শাহে আলম দাবি করেন, তার ছেলেদের নামে নয়, স্থানীয়ভাবে প্রশাসনিক যাচাইবাছাই এবং গণশুনানি করে এলাকার নামে নবগঠিত ইউনিয়ন দুইটির নামকরণ করেছেন জেলা প্রশাসক। 

শাহে আলম বলেছেন, ‘নতুন গঠিত মোকামতলা ইউনিয়নে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ আয়তনে অনেক বড়। এই ইউনিয়ন ভেঙে সীমান্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে। কারণ গাবতলী ও সোনাতলা উপজেলার ইউনিয়নটি সীমান্তবর্তী। আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী। তা গাইবান্ধা জেলার সীমান্তবর্তী। দূরবর্তী হওয়ায় নাম দেওয়া হয়েছে দিগন্ত। যদিও দেউলী ইউনিয়নের নাম পরিবর্ত নয়, ইউনিয়নটি ভেঙে দিগন্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে।’

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী শাহে আলম ১২টি প্রতিষ্ঠানের মালিক। এর একটি মীর সীমান্ত ফিলিং স্টেশন, আরেকটি মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি। 

তবে সংসদে সমালোচনার কৈফিয়তে শাহে আলম দাবি করেন, অলৌকিকভাবে তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়ন পরিষদের নাম মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই। 

সরকারি দলের সাংসদের এ সময় নাম টেবিল চাপড়ে সমর্থন জানান প্রতিমন্ত্রীকে। মীর শাহে আলম তখন বলেছেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে, বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি যে দয়া করে বলেননি গুলশান ১-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার।’ 

তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দিগন্ত ও সীমান্ত নামের এলাকা স্থাপনার তালিকা তুলে ধরেন সংসদে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সন্তানদের নামে ইউনিয়নের নাম   স্থানীয় সরকার প্রতিমন্ত্রী   অলৌকিক মিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close