শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম: জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার      বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন      পরিত্যক্ত কূপে নেমে একই পরিবারের চারজন নিহত      রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু      মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশু সাইদার মৃত্যুতে তোলপাড়      টেন্ডারে হয় কাজ না হয় মৃত্যু      নড়বড়ে আইনশৃঙ্খলায় উদ্বেগ      
দেশজুড়ে
বিদ্যুতের ভূতুড়ে বিলে চরম ভোগান্তিতে ঈশ্বরগঞ্জবাসী
আরিফুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় হালকা বাতাসেই চলে যায় বিদ্যুৎ। অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটে (লোডশেডিং) বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার জনজীবন। বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুতের ভূতুড়ে বিলে বিরক্ত গ্রাহকরা। এ নিয়ে উপজেলায়জুড়ে চলছে ক্ষোভের ঝড়। 

গ্রাহকদের অভিযোগ, সামান্য বাতাস কিংবা হালকা বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাসাবাড়িতে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রমে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

এখানেই শেষ নয়, বিদ্যুৎ বিলের গরমিলের নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু এই ভূতুড়ে বিল ও অনিয়ম বন্ধে বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি অসংখ্য ভুক্তভোগী।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিদ্যুৎ বিতরণের একটি সাব-স্টেশন ঘেরাও করে ভাঙচুর চালিয়েছেন।

বিদ্যুতের ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। কিন্তু মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলের মিল না থাকা। মনগড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় হতাশ হয়ে পড়েছেন উপজেলার মাইজবাগ, জাটিয়া ইউনিয়ন ও পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। বিল সংশোধন করতে গেলেও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। সময়ের বিল সময়ে না করে মিটার রিডিং না দেখেই বিল করছে মিটার রিডার। এ ছাড়া গ্রাহকদের থেকে বাড়তি সুবিধাও নেন রিডাররা। ফলে বছরের পর বছর এমন ভূতুড়ে বিল দিচ্ছেন তারা।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেক সময় পল্লী বিদ্যুতের অভিযোগ নম্বরে যোগাযোগ করলেও সাধারণ গ্রাহকদের ফোন ধরেন না তারা। কিন্তু বিদ্যুৎ বিলে কোনো ছাড় দেওয়া হয় না।  আর এসব অভিযোগ শোনার মতো কেউ নেই।

মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক ওয়ালী উল্লাহ অলি, মো. আসাদ উল্লাহ, জাহিদ হাসানসহ ১৫ গ্রাহক জানান, ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন প্রায় সব এলাকায় হালকা বৃষ্টিতে বিদ্যুৎ চলে যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- প্রতি মাসে মনগড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল। মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলের কোন মিল নেই। বিল নিয়ে অফিসে গেলে বলে সংশোধন করে দিচ্ছি। বার বার বলার পরেও কোনো কাজে আসছে না।

জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক আজিজুল হাকিম ও নূরুল ইসলাম জানান, আমাদের এলাকার অসংখ্য মানুষের বিদ্যুৎ মিটারের রিডিংয়ের সঙ্গে বিলের কোন মিল নেই।

নূরুল ইসলাম  জানান, চলতি মাসেই বিদ্যুতের মিটার রিডিংয়ের চেয়ে ৬০ ইউনিট বিল বেশি করেছে। এছাড়াও গ্রামপুলিশ আব্দুস সাত্তারের একটি ফ্যান ও একটি লাইট ব্যবহার করে ৭৫ ইউনিট অতিরিক্ত রিডিং করায় বিল এসেছে ৬৯২ টাকা। এতে নিম্ন আয়ের এসব মানুষ অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে পড়েছেন বেকায়দায়। দ্রুত এই ভোগান্তির সমাধান চান গ্রাহকরা।

শুধু পল্লী বিদ্যুতেই নয়, একই ভোগান্তি পিডিবিতেও। ঈশ্বরগঞ্জ পৌর শহরের পিডিপি বিদ্যুৎ গ্রাহক মোহাম্মদ আলী ও শাহজাহান মিয়া জানান, তীব্র লোডশেডিং ও অতিরিক্ত মনগড়া বিদ্যুৎ বিলের ভোগান্তিতে অতিষ্ঠ মানুষ। কবে মিলবে এর প্রতিকার? 

এদিকে বিদ্যুতের ‘ভেলকিবাজি’তে সামর্থ্যবানরা ঝুঁকছেন আইপিএসের দিকে। অপরদিকে, কৃষকদের আইপিএস কেনার সামর্থ্য নাই। ভোগান্তিই তাদের নিয়তি। 

ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্ধণ বলেন, ‘আমরা যতটুকু বিদ্যুৎ পাই, ততটুকুই সাপ্লাই করি।’

অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকের ভোগান্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, ‘সারা দেশেই কম-বেশি লোডশেডিং হচ্ছে। ঈশ্বরগঞ্জেও তার ব্যতিক্রম নয়। চাহিদা অনুযায়ী যতটুকু বিদ্যুৎ পাচ্ছি, তা সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে।’

বিক্ষুব্ধ জনতার বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র ঘেরাও করে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে ভাঙচুরের মতো কোন ঘটনা ঘটেনি। গতকাল রাতে কয়েকজন লোক বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্রের সামনে এসে চিৎকার ও উচ্চবাচ্য করেছে শুনেছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুতের ভূতুড়ে বিল   চরম ভোগান্তি   ঈশ্বরগঞ্জবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close