রাজশাহী জেলার পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুইটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার মধ্যে এ হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি পবার পারিলা ইউনিয়নে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রও পরিদর্শন করেন। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ‘গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্থাপনার নিরাপত্তায় নৈশপ্রহরী নিয়োগ ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।’
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, ‘নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীদের সতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ইবনুল আবেদীন।
কেকে/এমএ