মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় গভীর রাতে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির মালিকের স্ত্রী ৬৫ বছর বয়সী রাশেদা বেগমকে মারধর করে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। একই বাড়ির ভাড়াটিয়াদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের লাখারন গ্রামে মৃত হারুনুর রশিদ হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের ভাষ্য, ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির দক্ষিণ পাশের ভাড়াটিয়াদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরে তাদের হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ওয়ারড্রব ভেঙে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। এরপর বাড়ির মালিকের স্ত্রী রাশেদা বেগমের ঘরে ঢুকে আলমারি ও শোকেস ভাঙচুর করে এবং তাকে মারধর করে সাত আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।
রাশেদা বেগম বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই বাড়িতে থাকেন। তার ছেলেরা ঢাকা ও নারায়ণগঞ্জে ব্যবসা করেন। রাতে দরজা ভেঙে মুখোশধারীরা ঘরে ঢুকে তাকে মারধর করে কানের দুল নিয়ে যায়।’
ভাড়াটিয়া হৃদয় হালদার ও মোতালেব মিয়া জানান, তাদের হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, ডাকাতির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এসএমএন