শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিকেনগর এলাকা থেকে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাওডোবা এলাকায় আসেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তাদের অবস্থান কর্মসূচির স্থানে ভাঙচুর চালানো হয়। পরে প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তবে পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী জানান, ইব্রাহিম সিপাহীর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘আগাম খবর পেয়ে পুলিশ সারারাত দায়িত্ব পালন করে। সকালে কিছু লোক ককটেল বিস্ফোরণ ঘটালে তাদের প্রতিহত করা হয়। এ ঘটনায় আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
কেকে/ এসএমএন