কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাসস্টেশনসংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস। পরে বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে একই অভিমুখে চলা একটি মাইক্রোবাসও বাসটির পেছনে ধাক্কা দেয়।
তিনি জানান, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব কম ছিল। প্রথম বাসটি লরির পেছনে ধাক্কা দেওয়ার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
পরে স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রানা জানান, গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের সবার নাম-ঠিকানা নিবন্ধন সম্পন্ন না হওয়ায় সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
কেকে/ এসএমএন