গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতু থেকে তাদের আটক করা হয়।
আটক বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য। অন্যদিকে কাফি ছাত্রলীগের নেতা। তিনি উপজেলার রামজীবন ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, শনিবার বিকেলে সেতুতে ঘুরতে গিয়ে ছাত্রদলের এক নেতা বিপ্লব ও কাফিকে দেখতে পান। বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা এগিয়ে গিয়ে দুজনকে আটক করার চেষ্টা করেন। এ সময় বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে দুজনকেই পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল জানান, সেতুতে বিপ্লবকে দেখে এক ছাত্রদল নেতা তাদের জানান। তারা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বিপ্লব ও কাফি সেখানে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিপ্লবের নামে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এসএমএন