মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেন, ‘মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি’ এই স্লোগান ধারণ করে যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমড়ীরহাট হাইস্কুল মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের আমন্ত্রণে কুমড়ীরহাট কাশফুল স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
রোকন উদ্দিন বাবুল বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়; এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের তরুণরা মেধাবী ও সম্ভাবনাময়। তাদের হাতে মাদক নয়, তুলে দিতে হবে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের মতো ক্রীড়া সামগ্রী। খেলার মাঠে প্রাণচাঞ্চল্য ফিরলে সমাজ থেকে অপরাধ ও মাদকের প্রবণতাও কমে আসবে।’
নিয়মিত খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে উল্লেখ করে তিনি তরুণদের মাঠে ফেরাতে এলাকার খেলার মাঠ সংস্কার, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন।
ছবি : প্রতিনিধি
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র বর্মন, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা, ক্রীড়া সংগঠকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মর্নিং স্টার ফুটবল একাডেমি, লালমনিরহাট ১-০ গোলে জলঢাকা ক্রীড়াচক্র, নীলফামারী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লালমনিরহাট দলের জসিম এবং ম্যাচসেরা হন মুন্না। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।