নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ছিন্নমূল, অসহায় ও শীতার্ত মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছেন এলাকার কৃতী সন্তান ও ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা মামুনুর রশিদ মাজু। আকিজ মনোয়ারা ট্রাস্টের সহযোগিতায় প্রায় ৫০০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।
পরম মমতায় শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন এই সাবেক আমলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক জুবায়েদ হোসেন রুবেল, আকিজ মনোয়ারা ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক শাহিনুর রহমান, ফিল্ড অফিসার মাসুম রেজা প্রমুখ।
কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন ৭০ বছর বয়সী জুলেখা বেগম। তিনি বলেন, ‘শীতে কম্বলটি পেয়ে খুব আনন্দ লাগছে। এই কম্বলটি দিয়ে শীত নিবারণ করতে পারব।’
ছবি: খোলা কাগজ
অনুষ্ঠানে মামুনুর রশিদ মাজু বলেন, ‘‘মানুষের জন্য কিছু করতে পারা আমার কাছে আনন্দ ও আত্মতৃপ্তির বিষয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অন্তত মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও এতিমদের পাশে দাঁড়ানো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, মানুষের কল্যাণে কাজ করতে হলে প্রচারের প্রয়োজন নেই; বরং আন্তরিকতা ও দায়িত্ববোধই সবচেয়ে বড় বিষয়। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব।”
কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর মাস্টারপাড়া গ্রামের সন্তান মামুনুর রশিদ মাজু চাকরিজীবনে নানা প্রতিকূলতার মধ্যেও জন্মভূমি ও এলাকার অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে বিচ্ছিন্ন হননি। অবসর জীবনে এসে মানবিক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়িয়েছেন তিনি। প্রচারের আলো থেকে দূরে থেকে বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ।
পাঁচ হাজার মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা :
শুধু শীতবস্ত্র বিতরণ নয়, এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণেও দীর্ঘদিন ধরে কাজ করছেন মামুনুর রশিদ মাজু। নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় এক দশক ধরে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন তিনি।
নিজের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আল খায়ের ফাউন্ডেশন ও কুরবান ফাউন্ডেশনের মতো দাতা সংস্থার সহযোগিতায় এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের জন্য বিনামূল্যে টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেছেন। এর ফলে নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন অনেক অসচ্ছল পরিবারের সদস্যরা।
৩০০ পরিবারকে নিয়মিত খাদ্য সহায়তা :
অসহায় ও প্রান্তিক পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও তার অবদান উল্লেখযোগ্য। গত প্রায় পাঁচ বছর ধরে শিশু ও বয়স্কদের প্রয়োজন বিবেচনায় ২৫ ধরনের খাদ্যসামগ্রী দিয়ে প্রায় ৩০০ পরিবারকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন তিনি।
তার এই উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রমজান ও ঈদে এতিম-অসহায় মানুষের পাশে :
ধর্মীয় ও সামাজিক উৎসবেও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাবেক এই আমলা। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি রমজানে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি।
পাশাপাশি ২০২২ সাল থেকে প্রতি পবিত্র ঈদুল আজহায় পাঁচটি গরু কোরবানি দিয়ে অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করছেন। এ ছাড়া চারটি এতিমখানায় প্রতিবছর ছাগল কোরবানি দিয়ে এতিম শিশুদের মধ্যে মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।
মসজিদ, মাদ্রাসা ও অবকাঠামো উন্নয়নেও ভূমিকা :
এলাকার অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও রয়েছে মামুনুর রশিদ মাজুর উল্লেখযোগ্য অবদান। দেশি-বিদেশি বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় এলাকার বিভিন্ন মসজিদে প্রায় ৫০টি অজুখানা নির্মাণের ব্যবস্থা করেছেন তিনি।
গত এক দশকে সরকারি বিভিন্ন বরাদ্দ ও অনুদান পেতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার ব্যবস্থা করেছেন। এ ছাড়া স্থানীয় রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং কয়েকটি হতদরিদ্র পরিবারের জন্য বসতঘর নির্মাণেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
প্রচারের আড়ালে মানুষের কল্যাণে :
নিজের কর্মকাণ্ড নিয়ে কখনো প্রচারের আলোয় আসতে চাননি মামুনুর রশিদ মাজু। নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই যেন তাঁর জীবনের অন্যতম ব্রত। খাদ্য সহায়তা, নিরাপদ পানির ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ, এতিমদের সহযোগিতা কিংবা এলাকার অবকাঠামোগত উন্নয়ন—বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তিনি।
স্থানীয়দের মতে, প্রচারবিমুখ এই মানুষটির মানবিক উদ্যোগ কিশোরগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে স্বস্তি ও আশার সঞ্চার করছে। তার ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করতে পারে।