বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা ও হারগাজা এলাকায় রক্ষিত বন, খতিয়ানভুক্ত জমি ও ছড়াসংলগ্ন স্থান থেকে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি লামায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হলেও ফাঁসিয়াখালীর বিভিন্ন স্থানে বালু উত্তোলন ও মজুদ অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের দাবি। অভিযান শেষে পাগলীর বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কয়েকটি স্থানেও অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জমির ক্ষতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত আবেদনে ফাঁসিয়াখোলা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে আব্দুশ শুক্কুর (৭০) অভিযোগ করেন, তার বাবার নামে, নিজের নামে এবং ভোগদখলে থাকা ফাঁসিয়াখালী মৌজার খতিয়ানভুক্ত জমি, হারগাজা ছড়া ও দুলাহাজারা সাফারি পার্কের সীমানাসংলগ্ন এলাকায় রাতের আঁধারে সেলু মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
আবেদনে বলা হয়, এতে তার ফসলি জমি ও চাষাবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রি করা হয়েছে। বালু উত্তোলনে বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আবেদন ও সংশ্লিষ্ট নথিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—পূর্ব নতুনপাড়ার জাফরের ছেলে আরমান ও আমান, আবেরের ছেলে আশেক, নুরুর ছেলে মাহিন, মাইক্রুপাড়ার ছমিউদ্দীনের ছেলে আব্দুল্লাহ, ছৈয়দের ছেলে রিদুয়ান ও বাবু, মনজুরের ছেলে আনছার, ফকির আহমদের ছেলে শুক্কুর, পশ্চিম নতুনপাড়ার লাল মিয়ার ছেলে আনোয়ার, ফকিরাখোলার আমিনের ছেলে মনজুর ও আব্দুর রহমান, নুরুর ছেলে মামুন, আমির হামজার ছেলে মামুন ও সাইমুন এবং হুকুমদাতা হিসেবে উল্লেখিত আমিনের ছেলে হারুন। এ ছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযানে বালু জব্দ, তবু উত্তোলন বন্ধ হয়নি
স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লামার ফাঁসিয়াখালীসহ বিভিন্ন ইউনিয়নের ছড়া, ঝিরি ও খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় চলতি মাসে লামা উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে সাতটি পৃথক স্থান থেকে ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করে। ওই অভিযানের পর ইউএনও সোমাইয়া আক্তার জানিয়েছিলেন, উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালানো হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে প্রতিবেদন তৈরির আগে ইউএনওর সঙ্গে কথা হলে তিনি ফাঁসিয়াখালীতে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ওই এলাকায় ব্যাপকভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যা কোনোভাবেই দমন করা যাচ্ছে না।
ফকিরাখোলা ও হারগাজা এলাকার নির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইউএনও জানান, তিনি তখন একটি বৈঠকে রয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের চলমান অভিযানের আওতায় ফকিরাখোলা ও হারগাজা এলাকার অভিযোগগুলোও দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বাস থাকলেও এখনো কার্যকর পদক্ষেপের দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।
কেকে/সাশ