রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে টানা দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। এ সময় তারা পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরপর দুই দিনের হামলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খড়খড়ি এলাকায় অবস্থিত পবা-২ উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্র কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার পর সেখানে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।
হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগের দিনের ঘটনার পর উপকেন্দ্রের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রের কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলে জানা গেছে।
তিনি বলেন, ‘খড়খড়ি কার্যালয়ে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে আমাদের স্টাফরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। আগের দিনও হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন আবার হামলা চালানো হয়। ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে পরপর দুই দিন হামলার ঘটনা তাদের কর্মপরিবেশকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে রাতে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি পাহারা এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কেকে/সাশ