শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১      ● থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত      ● অস্থিরতায় বাংলাদেশ থেকে ভারতে অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো      
দেশজুড়ে
মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সত্যের জয় হবে : ফজলুর রহমান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুক্তিযুদ্ধের কথা বলার কারণে স্বাধীনতাবিরোধী শক্তি তার বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। শেষ পর্যন্ত সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হবে বলে তিনি বিশ্বাস করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘আজকের রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন, জনাব তারেক রহমান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। তিনি তার পিতার মতোই বুঝতে পারেন কোনটি সত্য, কোনটি মিথ্যা। মুক্তিযুদ্ধের কথা সবচেয়ে বেশি বলার কারণে স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি, তিনি এসবের বিচার করতে পারবেন। শেষ পর্যন্ত সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।’

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সংসদ সদস্য বলেন, মুক্তিযুদ্ধের সময় তৃতীয়বারের মতো সীমান্ত থেকে দেশে ফিরে তিনি ১২ থেকে ১৩টি থানার মুক্তিযোদ্ধাদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ব বণ্টন করেছিলেন। ওই সময় ধনপুর ইউনিয়নের রামপুর এলাকায় গিয়ে দেখেন, পাকিস্তানি হানাদার বাহিনীর আগুনে গ্রামের প্রায় সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুধু গুরুদয়াল সরকারের বাড়ির একটি ভবন অবশিষ্ট ছিল।

তিনি বলেন, সে সময় এলাকার অধিকাংশ মানুষ প্রাণভয়ে ভারতের মেঘালয়, ময়লাম, বালাট ও ঘুমাঘাটসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের থাকার মতো নিরাপদ জায়গাও ছিল না। পরে কোমরপানির বিল ও খাল পেরিয়ে তারা শৈলা গ্রামে যান। সেখানে জনশূন্য একটি হিন্দু পাড়ায় পরিচিত এক সহযোদ্ধার বাড়ির রান্নাঘর ও আশপাশে বন বিছিয়ে রাত কাটান। শত্রুপক্ষের কেউ যাতে তাদের অবস্থান জানতে না পারে, সে জন্য প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হতো।

নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আমার ওপর হিমালয় পর্বতের মতো চাপ তৈরি করা হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন।’

মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। কৌরবদের বিপুল শক্তির বিপরীতে পাণ্ডবদের জয় প্রমাণ করে, শেষ পর্যন্ত সত্য ও ন্যায়েরই বিজয় হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, কৃষ্ণলীলা ও কীর্তন বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালি জাতির পরিচয় এক হলেও ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে। কেউ মন্দিরের ঘণ্টাধ্বনি শুনে পূজা করতে যাবেন, আবার কেউ আজানের ধ্বনি শুনে মসজিদে যাবেন—এটাই বাংলার মানুষের সৌন্দর্য।

তিনি আরও বলেন, ‘আমরা একই জাতি, আমাদের ধর্ম আলাদা হতে পারে। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে এই দেশ। কেউ কাউকে বাধা দেব না। যতদিন বেঁচে থাকব, এমপি থাকি আর না থাকি, ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের মানুষ যেন মনে রাখেন—এই দেশে ধর্ম, মানবতা ও মনুষ্যত্ব জীবিত থাকবে। সব ধর্মের মানুষ বুক ফুলিয়ে রাস্তায় চলবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মুক্তিযুদ্ধ   ষড়যন্ত্র   ফজলুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close