কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে কার্নিভাল আয়োজনের কারণে পর্যটক ও স্থানীয়দের চলাচলের একটি পুরোনো সড়ক বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে শৈবাল পয়েন্টে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজনকে কেন্দ্র করে এ অসন্তোষ তৈরি হয়েছে। কার্নিভালের নামে ঝাউগাছ কেটে পরিবেশ ধ্বংস এবং সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করার অভিযোগ তুলে আয়োজনটি বর্জনের ডাক দিয়েছে কক্সবাজার পরিবেশ আন্দোলন, আমরা কক্সবাজারবাসী, ইয়ুথ ইনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
তবে পর্যটন করপোরেশনের কর্মকর্তাদের দাবি, কোনো ঝাউগাছ কাটা হয়নি। সিভিল এভিয়েশন ঝাউগাছের ওপরের কিছু অংশ ছেঁটেছে মাত্র।
জনগণের চলাচলের সড়ক বন্ধে ক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গেছে, শৈবাল পয়েন্টের ঐতিহাসিক সড়কটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটক প্রতিদিন এ পথ দিয়ে সৈকতে যাতায়াত করতেন।
তবে কার্নিভাল আয়োজনের জন্য সড়কটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেট বসানো হয়েছে। কার্নিভালে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করায় সাধারণ মানুষ ও পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল বলেন, শৈবাল পয়েন্টের সড়কটি সব সময় জনগণের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু কার্নিভালের কারণে আগামী তিন মাসের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে। সৈকতে যাওয়ার অন্যতম একটি পথ এভাবে বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ঝাউবন ও পরিবেশ ধ্বংসের অভিযোগ
পরিবেশকর্মীদের অভিযোগ, কার্নিভালের নামে কয়েক দশকের পুরোনো শত শত ঝাউগাছ কেটে ফেলা হয়েছে। উপকূলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে পরিচিত এসব গাছ ধ্বংসের ফলে পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
এ ছাড়া ঝাউবনসংলগ্ন এলাকায় শব্দদূষণ, অতিরিক্ত আলোর ব্যবহার, যত্রতত্র পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা এবং জীববৈচিত্র্যের আবাসস্থলে মানুষের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে উপকূলীয় বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে বলে দাবি পরিবেশবাদীদের।
কার্নিভাল বর্জনের ডাক, আন্দোলনের হুঁশিয়ারি
পরিবেশ ও প্রকৃতির ক্ষতি করে এ ধরনের আয়োজন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কার্নিভাল বর্জনের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলোর নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে জনরোষ সৃষ্টিকারী এ ধরনের আয়োজনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরিবেশবাদীরা অবিলম্বে শৈবাল পয়েন্টের পুরোনো সড়কটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে ঝাউগাছ নিধন ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে কক্স কার্নিভালের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, কার্নিভালের প্রবেশপথ হিসেবে ব্যবহার করার জন্য সড়কটি বন্ধ রাখা হয়েছে। এ পথ দিয়ে কার্নিভালের টিকিট নিয়ে প্রবেশ করতে হচ্ছে। তবে সকালে যারা মর্নিং ওয়াক করতে আসেন, তাদের জন্য একটি পাস কার্ড প্রস্তুত করা হচ্ছে। কার্ড দেখিয়ে তারা সকালে প্রবেশ করতে পারবেন বলে জানান ওই কর্মকর্তা।
কেকে/সাশ