কারখানাগুলোতে স্বাভাবিকভাবে চলছে উৎপাদন কার্যক্রম। ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকেরা।
শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে জেলার সব পোশাক কারখানায় স্বাভাবিক পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।
ফতুল্লার শিবু মার্কেট, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
এদিকে নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করছেন বিজিবি।
শ্রমিকেরা নির্ধারিত মজুরি যথাযথভাবে কার্যকর করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। কর্মপরিবেশ শান্ত রয়েছে। কাজের পরিবেশ বজায় থাকুক, এটা চাই।’
ন্যূনতম মজুরির দাবি মূলত একটি মানবিক দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করায় সরকারকে ধন্যবাদ।’
কেকে/ এসএমএন