দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় মোটরসাইকেল শোডাউন করেছে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফির দোকানের সামনে থেকে শোডাউনটি শুরু হয়।
এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফি।
শোডাউন শেষে জীবননগর আল্লাহ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শাহজাহান কবীর বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষকদলের সদস্যসচিব নাজমুর সবুর খান, যুবদল নেতা আজমত আলী, রনন ও সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন