দুনিয়ার মোহে আচ্ছন্ন না হয়ে আখেরাতের প্রস্তুতি ও নেক আমলের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও শেখবাড়ি জামিয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
শনিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ক্বাওমিয়া শেখবাড়ি মাদরাসার দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন শেষ হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজাল বর্ণভীর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী ইসলামের মৌলিক শিক্ষা, ঈমান-আকিদা এবং পবিত্র কোরআন-হাদিসের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘একজন মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, সততা ও তাকওয়ার প্রতিফলন থাকা প্রয়োজন।’ এ সময় তিনি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ।
বক্তব্যে সংসদ সদস্য মুফতি আবুল হাসান জাতীয় সংসদে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার লক্ষ্যে আইন পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ছবি : প্রতিনিধি
সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা বয়ান পেশ করেন। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের আল্লামা শায়খ আব্দুল জলিল আখুন, লন্ডনের শায়খ হাসান আলী, শায়খুল হাদিস আল্লামা ওলিউর রহমান বর্ণভী, মুফতি মিজানুর সাইদ, মাওলানা মোমতাজ উদ্দিন বড়দেশী, মুফতি আব্দুল মুন্তাকিম, মাওলানা মুসা আল হাফিজ ও মাওলানা আহমদ বিলাল।
মহাসম্মেলন উপলক্ষে শ্রীমঙ্গলের ভৈরববাজার এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের সমাগম ঘটে। মাদরাসা কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল ছিল।
সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বের নির্যাতিত মানুষের কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।