ফরিদপুর সদর উপজেলায় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে নির্জন মাঠে নিয়ে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময়ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
ফিরোজ সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার আজিদ শেখের ছেলে।
রায়ে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায়পূর্বক ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে কৃষ্ণনগর গ্রামের এক প্রতিবন্ধী শিশু চা ও চিনি কেনার জন্য বাড়ি থেকে বের হয়। পথে একই এলাকার অটোভ্যান চালক ফিরোজ শেখ শিশুটিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ভ্যানে তুলে নেন।
পরে তিনি শিশুটিকে ভবানীপুর মাঠের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে ভয় পেয়ে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান ফিরোজ।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের কাছ থেকে ফিরোজের ভ্যানে শিশুটিকে তুলে নেওয়ার তথ্য পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে রাত ১১টার দিকে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে শিশুটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পাঁচ দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। তদন্ত শেষে সাক্ষীদের জবানবন্দি, ভুক্তভোগীর বক্তব্য ও আলামত পর্যালোচনা করে ফিরোজ শেখকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর ৯ (১)/৭ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মতো নৃশংস অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’
কেকে/এমএ