রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শ্রীপুরে গাকৃবির ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, বিতরণ ৮০০ চারা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষি গবেষণার উদ্ভাবন মাঠপর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে গাজীপুরের শ্রীপুরে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির বেশি কৃষিপ্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাত কৃষকের মধ্যে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি কৃষক, খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় শ্রীপুর উপজেলার বদনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। 

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান যৌথভাবে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০২৬-২০৩০ মেয়াদে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত ফসলের জাতের প্রকৃত সার্থকতা তখনই, যখন সেগুলো কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন ও আয় বাড়াতে ভূমিকা রাখবে। স্থানীয় কৃষি সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক সমাধান এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে।’  

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’ 

গাকৃবির উদ্ভাবিত বিইউ ধান-১ ও আপেল কুলসহ বিভিন্ন কৃষিপ্রযুক্তি দেশের কৃষি উন্নয়নে অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘কৃষিকে আরও উৎপাদনশীল করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ জরুরি। বদনী ভাংগা থেকে প্রযুক্তি গ্রামের সুফল পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দিতে হবে। এতে কৃষকের উৎপাদন ও আয় বাড়ার পাশাপাশি গ্রামীণ জীবনমান উন্নত হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা। 

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীমসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন   



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়   প্রযুক্তি গ্রাম   শ্রীপুর   বৃক্ষরোপণ কর্মসূচি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close