বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পণ্য পরিবহনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শাহ জাহান (৩৭) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শামছুল আলম (৪৫) নামে আরও একজন। ঘটনার তিন দিন পর হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রবিউল হাসান প্রকাশ নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকার একটি বসতঘর থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ জাহানের মৃত্যু হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী এলাকায় ৪৮ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশ সীমান্ত এলাকায় পণ্য পরিবহনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি শাহ জাহান ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়।
এজাহারে বলা হয়, প্রথম অভিযুক্ত রবিউল হাসান প্রকাশ নয়ন কোমর থেকে পিস্তল বের করে শাহ জাহানকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি তার বাম পাশের তলপেটে বিদ্ধ হয়। একই সময়ে অপর অভিযুক্ত রুবেল আরেকটি পিস্তল দিয়ে শামছুল আলমকে লক্ষ্য করে গুলি চালান। এতে তার হাত ও পায়ে গুলি লাগে। পরে অন্য অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে দুইজনকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার সিএসটিসি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে চিকিৎসক শাহ জাহানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই শাহ জালাল বাদী হয়ে রবিউল হাসান প্রকাশ নয়ন, রুবেল, জয়নাল, সোহেল, মফিজুর রহমান প্রকাশ আবুইয়া, শহিদুল্লাহ, হামিদ, ফারুক ও এবাদুল্লাহসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা করেন। রোববার মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গ্রেপ্তার রবিউল হাসানকে সঙ্গে নিয়ে রোববার ভোর ৪টা ৫৫ মিনিটে অভিযান চালানো হয়। এ সময় ফুলতলী এলাকার মফিজুর রহমান প্রকাশ আবুইয়ার বসতঘরের ভেতরে কাঠের আলমারির ওপরের তাক থেকে একটি পুরোনো বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “পণ্য পরিবহনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, হত্যা মামলাটি তদন্ত করছেন উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আর অস্ত্র আইনে দায়ের করা মামলাটি তদন্ত করছেন এসআই নূর মোহাম্মদ তপাদার।
কেকে/এমএ