“যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন”— এই প্রেরণাদায়ী স্লোগানকে ধারণ করে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি)-এর আয়োজনে বহুল প্রতীক্ষিত ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। টানা ১৬ বছর ধরে আয়োজিত এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাশক্তি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।
চার শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল ১১টায় পূর্ববর্তী কর্মশালার বিতার্কিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে একটি প্রদর্শনী বিতর্কের আয়োজন করা হয়। এতে সরকারি দলের পক্ষে অংশগ্রহণ করেন সিইউএসডির বিতার্কিক নাজমুস সাদাত সায়েম, সামিয়া আলম ও খান আকিবুল ইসলাম। বিরোধী দলের পক্ষে অংশগ্রহণ করেন প্রতীক রায় শান্ত, তাজদিকা খানম ও আবির মাহমুদ পলাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান। তিনি নবীন শিক্ষার্থীদের বিতর্কচর্চার আওতায় নিয়ে আসায় সিইউএসডির প্রশংসা করেন।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক চর্চার পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।’’ এ লক্ষ্যে সব ক্লাবকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে বিতর্কসহ সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন বলেন, “ছাত্রজীবনে অর্জিত বিতর্কের দক্ষতা পরবর্তী ব্যক্তিগত ও পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে এবং সফলতার পথে সহায়ক ভূমিকা পালন করে।’’
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর বলেন, “পাঠ্যক্রমের পাশাপাশি বিতর্ককে সহশিক্ষা ও পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত। এটি শিক্ষার্থীদের আত্মোন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউএসডির মডারেটর এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা, স্টুডেন্ট অ্যাডভাইজার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, দর্শন বিভাগের প্রভাষক এবং সিইউএসডির সাবেক সহ-সভাপতি বাপ্পারাজ হাওলাদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসু (চিটাগং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন)-এর ভিপি ইব্রাহিম রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ বিভিন্ন পর্যায়ের চাকসু প্রতিনিধিরা।
পরবর্তীতে এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক নিয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন সিইউএসডির সাবেক সভাপতি এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রভাষক ফারহানা খান যূথী।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ ও অতিথিদের উপস্থিতিতে ভবিষ্যৎ কর্মশালার সফলতা কামনা করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কেকে/এলএ