সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।’
এর আগে, শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী এলাকায় অবস্থিত সোলেমান আলীর নিজস্ব বাসভবনে সোলার প্যানেলচালিত মুরগির খামার, সেচপাম্প ও মাছের খামার পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘রাজনীতিতে আমরা যখন কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত, তখন নিভৃতে অভূতপূর্ব কাজ করে চলে কিছু মানুষ। আমাদের ঠাকুরগাঁওয়ের সোলেমান আলী তেমনি একজন মানুষ। দীর্ঘ অনেক বছর পরিশ্রম করে তিনি উদ্ভাবন করেছেন সোলার সেচপাম্প। এ ধরনের মানুষদের জাতীয় পুরস্কার দেওয়া উচিত। আমরা এ বিষয়ে ভেবে দেখব।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।’
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না; দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ ও যুবকদের নিজের ও দেশের স্বার্থে সোলেমান আলীর মতো উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস