দেশের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিশ্চিত করে অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ হাবে পরিণত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
শুক্রবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ব্যবসায়ী সমাজ ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে স্বাধীনতার পর সবচেয়ে ব্যবসায় ও বিনিয়োগবান্ধব বাজেটগুলোর একটি হিসেবে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘বাজেটে ব্যবসায় পরিচালনার ব্যয় কমানো, বিনিয়ন্ত্রণকরণ (ডিরেগুলেশন) ও ব্যবসায় সহজীকরণের নীতিমালা প্রণয়নের উদ্যোগ দেশের ব্যবসায়ী সমাজ ইতিবাচকভাবে গ্রহণ করেছে।’
চেম্বার সভাপতি বলেন, ‘চট্টগ্রামে বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।’
এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে কর্ডলাইন, এক্সপ্রেসওয়ে, বে-টার্মিনাল, মাতারবাড়ী ও আনোয়ারা এলাকায় ফ্রি ট্রেড জোন, চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স, কক্সবাজারের রামুতে ফুটবল টেকনিক্যাল সেন্টার এবং আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আমির খসরু ব্যবসায়ী নেতাদের বিভিন্ন প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন ও ব্যবসায়বান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে অর্থনীতিকে আরও টেকসই ও গতিশীল করে গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ বাস্তবায়ন করবে।’
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামুল হক এনাম, সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রহমান, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএম ছালাম, ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহুসেইন আকবর আলী, আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের লিয়াকত আলী চৌধুরী, বিএসএম গ্রুপের আবুল বাশার চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, বারভিডার সাবেক মহাসচিব মোহাম্মদ হাবিবুর রহমান, টিকে গ্রুপের পরিচালক হাসনাত মো. আবু ওবাইদা, ইলেক্ট্রোমার্টের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ প্রমুখ।